১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে সুস্মিতার বাগদান!

‘ভালবাসি’। ১৫ বছরের ছোট প্রেমিক রহমান শালকে প্রকাশ্যেই এ কথা বলেছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন। তখন থেকেই তাদের বিয়ে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল সিনে ইন্ডাস্ট্রিতে। এর মধ্যেই কি এনগেজমেন্ট সেরে ফেললেন এই জুটি? সুস্মিতা-রহমানের সাম্প্রতিক একটি ছবি নিয়ে শুরু হয়েছে জল্পনা। সুস্মিতার শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, কাঁধের ওপর দিয়ে হাত রেখে রহমানকে জড়িয়ে রয়েছেন নায়িকা। তার অনামিকায় রয়েছে একটি আংটি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘নিঃশর্তভাবে তোমার, রহমান।’

সুস্মিতার হাতে এই আংটি দেখে অনেকে মনে করছেন, হয়তো এনগেজমেন্ট হয়ে গিয়েছে এই জুটির। কোনো কোনো ভক্ত সরাসরি এই প্রশ্নও করেছেন সুসকে। কেউ বা আগাম অভিনন্দন জানিয়েছেন তাদের। যদিও এনগেজমেন্ট হয়েছে কি না, তা নিয়ে মুখ খোলেননি সুস্মিতা।

সুস্মিতার বয়স এখন ৪২। আর রহমানের ২৭। রহমান মুম্বায়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি। নিন্দুকেরা বলছেন, সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ককে হয়তো সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি। এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন।