বিকাশমান অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার তিন দিনের বাণিজ্যমেলা শেষ হয়েছে গতকাল শনিবার। সমাপনী অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ফারুক খান উপস্থিত ছিলেন। গত ২৫ এপ্রিল আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলা বসে।
ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ৪০টি প্রতিষ্ঠান তাদের ভোগ্যপণ্য ও শিল্পপণ্য মেলায় তুলে ধরে।
বিশ্বখ্যাত ও ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ার বুটিক, ফ্যাশন, জুয়েলারি, হস্তশিল্প, খাদ্যদ্রব্য ও পানীয়, স্বয়ংক্রিয় যানবাহন ও দেশটির বিভিন্ন স্থানে পর্যটনের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল।
মেলায়, ইন্দোনেশিয়ার উদ্যোক্তা বা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে তেল ও খনিজ সম্পদ শিল্প পিটি পারতামিনা, রেলওয়ে শিল্প পিটি ইনকা, গারুদা মেইনটেন্যান্স ফ্যাসিলিটি, সেনাবাহিনী ও ভারী যন্ত্রপাতি শিল্প পিটি পিনদাদ ও ইন্দোনেশিয়ার রেলওয়ে কনসোর্টিয়াম অংশ নেয়। ২৫টির বেশি ইন্দোনেশিয়ার কোম্পানি বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।