ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানের লড়াইয়ে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের প্রতি ম্যাচের পরই হচ্ছে পরিবর্তন। শুক্রবার রাতে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লিভারপুল ৫-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে। বড় জয়ে ৩৬ ম্যাচ শেষে ৯১ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষস্থানে উঠে এসেছে অল রেডরা। ম্যাচে জোড়া গোল করেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানসিটি। অপর এক ম্যাচে গতকাল ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যামকে।
ম্যাচের শুরুতেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন কেইটা। ম্যাচের মাত্র ১৫ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। এই গোলে নতুন এক রেকর্ড গড়েছেন কেইটা। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে কম সময়ে গোলের রেকর্ড। ২৩ মিনিটে এন্ড্রু রবার্টসনের ক্রস থেকে হেডে লিড দ্বিগুণ করেন মানে। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের তৃতীয় গোলটি করেন মোহামেদ সালাহ। লিগে ছিল এটি তার ২০তম গোল। এই গোলে তিনিও করেন এক রেকর্ড। রেকর্ডটি হলো আফ্রিকা অঞ্চলে জন্ম নেওয়া প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে পর পর দুই মৌসুমে অন্তত ২০ গোল করার। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় অলরেডরা।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মানে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন। লিগে এটি তার ২০তম গোল। আর ৮৩ মিনিটে রবার্টসনের পাস থেকে ম্যাচের শেষ ও নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ। এতে সালাহর গোল সংখ্যা এখন সর্বোচ্চ ২১টি। গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে লিভাপুলের দুই সতীর্থের।