নুসরাত হত্যা মামলা অভিযোগপত্র দ্রুতই : পিবিআই

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির ময়নাতদন্ত প্রতিবেদন থানায় জমা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ। গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ থানা পুলিশের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে হাসপাতাল কর্র্তৃপক্ষ। এদিকে দ্রুত সময়ের মধ্যে নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক কর্মকর্তা। অন্যদিকে নুসরাতের মাদ্রাসাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের ঘটনায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার ও ছয় শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আমাদের কাছে আসার পর তা শাহবাগ থানায় জমা দিয়েছি। আগুনে পোড়ার কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য কোনো আলামত পাওয়া যায়নি।’

কনস্টেবল রমজানের মাধ্যমে নুসরাতের ময়নাতদন্ত প্রতিবেদনটি থানায় হস্তান্তর করেছে হাসপাতাল কর্র্তৃপক্ষ। শাহবাগ থানার ওসি আবুল হাসান ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন।

অভিযোগপত্র দ্রুতই : নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র অল্প সময়ের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। গতকাল বিকেলে দেশ রূপান্তরকে এ কথা জানান তিনি। তবে ঠিক কবে এটি দাখিল করা হবে, তা জানাতে রাজি হননি তিনি। মনিরুজ্জামান বলেন, নুসরাত হত্যা মামলায় পিবিআইয়ের সদর দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তার দিকনির্দেশনায় ফেনী পিবিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মামলা পিবিআইয়ে হস্তান্তরের পর দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মামলার এজহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আটজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

৬ শিক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে শোকজ : সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ছয় আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার ও ছয় শিক্ষককে শোকজ করেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন আক্তার। গতকাল শনিবার দুপুরে বালাগাত মান্তিক (যুক্তিবিদ্যা) পরীক্ষা চলাকালে তিনি এ আদেশ দেন। ওই সময় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার নবনির্বাচিত অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী উপস্থিত ছিলেন। কেন্দ্রে দায়িত্বরত ছয় শিক্ষককে আগামী তিন কর্মদিবসের মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে।

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাকে আটক করে পুলিশ। পরে ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মৃত্যু হয় নুসরাতের। এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।