শাজাহানপুরে পরীক্ষা দিয়ে ফেরার পথে দৃর্বৃত্তের ছুরিকাঘাতে নাজিউর রহমান নাহিদ (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। তিনি উপজেলার নারিল্লা গ্রামের মতিউর রহমানের ছেলে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা রবিউল ইসলাম (২০) এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের বড় ভাই নাসিবুর রহমান জানান, সরকারি ডেমাজানী কমর উদ্দিন কলেজ পরীক্ষাকেন্দ্রে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে বন্ধুর মোটরসাইকেলে বাড়ি ফিরছিল নাহিদ। পথিমধ্যে ঘাসিড়া নামক স্থানে কয়েকজন দুর্বৃত্ত তার পথ আটকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাহিদ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিল। তার দাবি, কয়েক দিন আগে এলাকার এক নারীকে নিয়ে বিরোধ দেখা দেয়। ওই ঘটনায় সালিশ-বৈঠকও হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় প্রতিপক্ষ তার ভাইকে খুন করেছে।
শাজাহানপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, পরীক্ষা দিয়ে ফেরার পথে নাহিদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড। আটক রবিউলকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।