দু-একজনের শপথে বিএনপির ক্ষতি হবে না : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে দু-একজন সংসদ সদস্য শপথ নিলে দলের কোনো ক্ষতি হবে না। কারণ বিএনপি হলো বটবৃক্ষের মতো। জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে যেমন জামিন দেওয়া হচ্ছে না, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।

‘বিএনপিকে চাপে রাখা হচ্ছে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, এটা জনগণ বিচার করবে। বিষয়টি জনগণের চোখের সামনে পরিষ্কার যে, এই সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের চাপ বিরোধী দলের ওপর দিয়ে যাচ্ছে। বিএনপির ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।

দলীয় আনুগত্যের বাইরে গিয়ে বিএনপির এমপিরা কেন শপথ নিচ্ছেন এমন এক প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি একটা বড় বটগাছ। এখান থেকে দুই-একটা পাতা ঝরে গেলে কিছু আসে-যায় না। আমাদের অতীত ইতিহাসে এরকম আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পর হুদা-মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটের মন্ত্রীরা বিএনপি ভাঙার চেষ্টা করেছিলেন। তারা পারেন নাই। সর্বশেষ ওয়ান-ইলেভেনের সময় চেষ্টা হয়েছিল। অতএব দু-একজন শপথ নিল কি নিল না এটা এত বড় দলের জন্য তেমন কোনো বিষয় না।’ খন্দকার মোশাররফ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নেওয়াকে দুঃখজনক বলেও অভিহিত করেন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘সাংবাদিক মাহফুজ উল্লাকে হারিয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কী দিয়ে পূরণ হবে তা আমি জানি না।’ এ সময় মাহফুজ উল্লাহর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে তিনি গভীর শোক প্রকাশ করেন।