সিলেটের মধ্য দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী। গতকাল শনিবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স
নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘এই সম্ভাবনা কাজে লাগিয়ে পারস্পরিক বাণিজ্য বাড়াতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। ভৌগোলিক সুবিধা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।’
চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত পরস্পরের উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে প্রতি বছর বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, যা দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তিনি বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে যেকোনো ভারতীয় উদ্যোগে চেম্বারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, সিলেট চেম্বারের সহসভাপতি এমদাদ হোসেন, পরিচালক সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, আবদুর রহমান জামিল, আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, ভারতীয় হাইকমিশনের বাণিজ্যিক প্রতিনিধি শিশির কোঠারি, সঞ্জীব কুমার প্রমুখ।