পাকুন্দিয়ায় কোল্ড স্টোরেজকে জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ২৪ মণ নষ্ট মিষ্টি এবং ১৫ মণ মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ। এসব মেয়াদ উত্তীর্ণ পণ্য স্টোরেজ করে রাখার দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে এসব পণ্য উদ্ধার ও জরিমানা করা হয়। 

ইব্রাহীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া উপজেলার বড় আজলদী এলাকায় অবস্থিত এগারসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। জব্দকৃত পণ্য প্রতিষ্ঠানের কর্মচারী ও এলাকাবাসীর সামনে স্পটেই ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে তারা এসব পণ্য বাজারজাত করার উদ্দেশ্যে স্টোরেজ করেছিল। রমজানে এ অভিযান আরও জোরদার করা হবে।