আজ আন্তর্জাতিক নৃত্যদিবস। সারা বিশ্বের নৃত্যশিল্পী ও নৃত্যপ্রিয় মানুষের জন্য দিনটি বিশেষ। আমাদের দেশেও বর্ণাঢ্য আয়োজন হয় দিনটি ঘিরে। বিশেষ এই দিন ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণ
বিশ্ব নৃত্যদিবসে...
দেশের সকল নৃত্যশিল্পীকে বিশ^ নৃত্যদিবসের শুভেচ্ছা। প্রার্থনা করিÑ সব নৃত্যশিল্পী নিজ নিজ মেধা ও কর্মের মাধ্যমে সমাজে আলো ছড়াক, ভালো থাকুক। নৃত্যশিল্পীদের জন্য দিনটি বিশেষ বলে আমি প্রতি বছরই এই দিনে নানা আয়োজনে ব্যস্ত থাকি। কিন্তু এবার গতকাল পর্যন্ত টানা ব্যস্ততা ছিল অন্য কাজ নিয়ে।
তাই নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত সপ্তাহব্যাপী নৃত্যদিবসের আয়োজনের সমাপনী অনুষ্ঠানে আমার নাচের দলকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও অংশ নিতে পারছি না। কারণ আমার যে মান তা ধরে রাখতে গেলে যতটা প্রস্তুতি ও মহড়ার দরকার ছিল, সেই সময় আমি পাইনি। তবে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সদস্য হিসেবে নৃত্যশিল্পী সংস্থার র্যালিতে আজ অংশ নেব। বিখ্যাত সব নৃত্যশিল্পীদের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, এটাই বা কম কিসের।
ব্যস্ততা...
এখন স্টেজ শো আর নাচের স্কুল নৃত্যভূমি নিয়েই ব্যস্ততা বেশি। গত পরশু রংপুরে সেখানকার ব্যবসায়ী সমিতির আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি আমি আর চিত্রনায়িকা অপু বিশ^াস। এর আগের দিন মেরিল প্রথম আলো অনুষ্ঠানে আমার ৩টি নাচে অংশ নিয়েছেন পরীমনি, ফেরদৌস ও নুসরাত ফারিয়া, তমা মির্জা-টয়া-ঐশী। এর কিছুদিন আগে চ্যানেল আইয়ের ‘গানের রাজা’ রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালেতে আমার কোরিওগ্রাফিতে নেচেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
নাচের অবস্থা...
যারা শুদ্ধ শাস্ত্রীয় নৃত্যচর্চা করেন, তারা নিয়মিত দারুণ সব কাজ করছেন স্টেজে। ভালো ভালো নৃত্যনাট্য হচ্ছে যা বিদেশেও প্রশংসিত হচ্ছে। আর আমরা যারা ফিউশনধর্মী নৃত্যচর্চা করছি তারাও স্টেজেই ব্যস্ত। এ ধরনের নাচ এখন করপোরেট শোতে ঢুকে গেছে। ফলে জনপ্রিয় তারকাদের নিয়ে আমি সেসব অনুষ্ঠানে নিয়মিত কাজ করছি। তবে টেলিভিশনে নাচের অবস্থা একেবারেই উঠে গেছে। আগে বিশেষ বিশেষ দিনে অনন্ত ভালোকিছু নাচের শো হতো, এখন তাও প্রায় বন্ধ হয়ে গেছে। কিছু নিয়মিত নাচের অনুষ্ঠান হয় যাতে আমার যে বাজেট, তাতে কাজ করা সম্ভব হয় না।
চলচ্চিত্রে...
এমনিতেই আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা কমে গেছে। তার মধ্যে আমরা যে ধরনের বড় পরিসরে কাজ করি সে ধরনের সিনেমার সংখ্যা আরও কম। অল্প বাজেটের সিনেমায় প্রায়ই প্রস্তাব পাই কিন্তু পারিশ্রমিকের জন্য করা হয় না। আর যখনই কোনো বড় বাজেটের সিনেমা নির্মাণ হয় তখন তারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন না। কলকাতা থেকে কোরিওগ্রাফার নিয়ে আসা হয়। কিন্তু তারা এসে কী কাজ করে আর তার ফলাফলই বা কতটা আস্থার তা সবাই জানেন। তারপরও কেন তাদের নিয়ে আসা হয় আমি বুঝি না।