সড়ক পরিবহন আইন

গেজেট প্রকাশে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় : হাইকোর্ট

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এক রিট আবেদনের ওপর শুনানির পর এ রুল জারি করে।

গেজেট প্রকাশে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব, জনপ্রশাসন সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বুধবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে

 

 আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভুঁইয়া ও রিপন বাড়ৈ হাইকোর্টে এ রিট আবেদন করেন। এর আগে আইনটি কার্যকর করতে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়ে গত ১০ এপ্রিল এইচআরপিবির পক্ষে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়।

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী সাহা ও পূরবী রানী শর্মা।

মনজিল মোরসেদ বলেন, ‘আইনটি জাতীয় সংসদে পাস হওয়ার পর ছয় মাস পেরিয়ে গেলেও সরকার গেজেট প্রকাশ করেনি। গেজেট প্রকাশ করে আইনটা কার্যকর করার জন্য আমরা আইনি নোটিস পাঠিয়েছিলাম। সেটি না হওয়ায় জনস্বার্থে রিট আবেদন করা হয়। আদালত প্রাথমিক শুনানি নিয়ে দুই সপ্তাহের রুল জারি করেছে।’