৪০তম বিসিএসের প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩ মে শুক্রবার সব বিভাগে একযোগে এই পরীক্ষা হবে। গতকাল সোমবার বিকেলে পিএসসি এ আসন বিন্যাস তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুসারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ থেকে ৯টা ২৫-এর মধ্যে আসন গ্রহণ করতে হবে। হলে সময় দেখার জন্য ঘড়ি থাকবে। ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ডসহ সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এসব পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

৪০তম বিসিএসে আবেদন করেছেন রেকর্ড ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।