বিশ্বকাপের আগে ১০ দিনের ছুটিতে শোয়েব মালিক

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এমন মুহূর্তে অনির্দিষ্ট কারণ দেখিয়ে দশ দিনের ছুটিতে গেলেন দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

ব্যক্তিগত কারণে শোয়েবকে দেশে ফিরতে হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ছুটির অর্থ ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে অভিজ্ঞ এই ক্রিকেটারকে পাচ্ছে না পাকিস্তান।

পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, বাড়ি ফিরে ব্যক্তিগত ঝামেলা মেটাতে শোয়েব মালিককে ছুটি দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। প্রত্যাশা করা হচ্ছে দশ দিন পরে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। পিসিবি এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না। শোয়েবের গোপনীয়তার প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবে সেই আশা করা হচ্ছে।

১১ মে দ্বিতীয় ওয়ানডের আগে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার দলের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ তাঁর দেশে ফিরে যাওয়ার সঠিক কারণ সমন্ধে কিছু জানায়নি পিসিবি।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৮২টি ওয়ানডে খেলেছেন শোয়েব। ৩৫ দশমিক ১২ গড়ে করেছেন সাত হাজার ৪৮২ রান। এতে রয়েছে নয়টি শতক ও ৪৪টি অর্ধশতক।