দুই মাসেও সন্ধান মেলেনি শিশির তালুকদারের

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি শিশির তালুকদারের (৩২)। নিখোঁজের সময় শিশির তালুকদারকে যারা ফোনে ডেকে নিয়ে গেছে তাদের নামে আদালতে মামলা করেও তার কোনো সুরাহা হয়নি। স্বামী হারিয়ে দুই সন্তানকে নিয়ে স্ত্রী সুলতা তালুকদার দ্বারে দ্বারে ঘুরছেন স্বামীকে খুঁজে পাওয়ার আশায়। তিনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে এ বিষয়ে জিডি ও মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার স্বামীর সন্ধান চাইছেন।

নিখোঁজ শিশির তালুকদারের স্ত্রী সুলতা তালুকদার বলেন, গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান শিশির। বাড়ি থেকে আমার স্বামীর মোবাইলে বার বার ফোন করেও কথা বলতে পারিনি এবং আমার স্বামী আর বাড়িতেও ফিরে আসেনি। পরবর্তীতে জানতে পারি আমার স্বামী ও উক্ত মুকুল গাইনকে ওই রাতে পার্শ্ববর্তী ভাঙ্গার হাট বাজারে চায়ের দোকানে দেখা গেছে।

এরপর আমরা কোটালীপাড়া থানায় ১০ মার্চ একটি সাধারণ ডায়েরি করি এবং গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। মামলাটি বর্তমানে কোটালীপাড়া থানার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের তদন্তাধীন। আমাদের ধারণা ওই মুকুল গাইন ও তার লোকজন পাওনা টাকা না দেয়ার জন্য কোনো অজ্ঞাত স্থানে রেখেছে বা হত্যা করেছে। আমি আমার স্বামীর সন্ধান চাই।

বিষয়টি নিয়ে কথা বললে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. সানোয়ার হোসেন বলেন, “আমরা নিখোঁজ শিশির তালুকদারের সন্ধান করছি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে শিশিরের স্ত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা এ ঘটনার সাথে জড়িত নয় বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। আশা করছি দ্রুত আমরা শিশিরের সন্ধান পাবো।”