অধ্যক্ষ আব্দুর রউফ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে

মাগুরার মাদ্রাসা অধ্যক্ষ আব্দুর রউফ হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পান্নু মোল্যাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার মাগুরার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহজাহান আলীর আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পান্নু মোল্যা মহম্মদপুর বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান। অন্যদিকে নিহত আব্দুর রউফ ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান জানান, পান্নু মোল্যা গত ১৬ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে ২ সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন। জামিনের নির্ধারিত এ সময়ের মধ্যে পান্নু মোল্যা মঙ্গলবার মাগুরা আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী নিহতের ভাই আবদুল ওহাব জানান, সম্প্রতি মাগুরার মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গাছ জোরপূর্বক কেটে নেন মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পান্নু  মিয়া।

এ ঘটনায় ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে কলেজের পক্ষ থেকে আবদুর রউফ আদালতে চেয়ারম্যান পান্নু  মিয়ার নামে মামলা করেন।

এতে চেয়ারম্যান পান্নু মিয়া ক্ষুব্ধ হয়ে ২১ মার্চ রাতে মহম্মদপুরের বড়রিয়া এলাকায় আব্দুর রউফের উপর দলবল নিয়ে হামলা চালান।

এসময় আব্দুর রউফ গুরুতর আহত হলে তাকে মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় পান্নু মোল্লাকে প্রধান আসামি করে ১২ জনের নামে স্থানীয় থানায় মামলা হয়। ঘটনার পরপরই পান্নু মোল্যা আত্মগোপনে যান। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষ নানা হুমকি দিচ্ছিলেন।