কুষ্টিয়া ও জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নিহত ২

কুষ্টিয়া ও জয়পুরহাট জেলায় বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে বিষু গাজী (৫৫) নিহত হয়ে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মিরপুর-পোড়াদহ স্টেশনের মাঝামাঝি দুর্গাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিষু গাজী মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের মৃত ভিকু গাজীর ছেলে। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে রেললাইন দিয়ে হাঁটতেছিলেন বিষু গাজী। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পোড়াদহ জিআরপি থানার ওসি সলেমান হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে রেল পুলিশ।

অন্যদিকে জয়পুরহাট শহরের ২ নম্বর রেলগেট ফায়ার সার্ভিস-ডাকবাংলো রোডে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল গাফফার নামে একজন নিহত হয়েছেন। নিহত আব্দুল গাফফার সদর উপজেলার কড়ই, মালুপাড়া এলাকার সুজাতুল্লাহার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার সময় পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি শহরের ২ নং রেলগেট এলাকায় আসলে মোটরসাইকেল আরোহী আব্দুল গাফফার পাড়াপাড়ের সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ছেঁচড়িয়ে ১নং রেলগেটের কাছাকাছি চলে আসে। চালক এসময় ট্রেনটি থামিয়ে দেয়। এতে নিহতের লাশ ও মোটরসাইকেল খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে-ছিটিয়ে যায়।