গোপালগঞ্জ সদর উপজেলায় চারটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের পিঠাবাড়ি গ্রামের নিমাই টিকাদারের চারটি ঘেরে এ ঘটনা ঘটে।
নিমাই বলেন, আমি রাত ১২টা পর্যন্ত ঘের পাহারা দিয়ে বাড়িতে চলে যাই। সকালে খবর পেয়ে এসে দেখি সব মাছ মরে পুকুরে ভেসে উঠেছে।
তিনি বলেন, চারটি ঘেরে চিংড়ি, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, সরপুঁটিসহ কার্পজাতীয় বিভিন্ন মাছ ছাড়ি যার বাজারদর প্রায় ২০ লাখ টাকা হবে।
নিমাই বলেন, “আমাকে যারা নিঃস্ব করেছে, তাদের বিচার চাই।”
এঘটনায় ঘেরের মালিক নিমাই টিকাদার গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লেখ্য, নিমাই এ পুকুরগুলো দুই বছরের জন্য মাঝিগাতি গ্রামের সাকায়েত কাজীর ছেলে সাজ্জাদ কাজীর থেকে ৭ লাখ ৫০ হাজার টাকায় লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল।