প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাথা থেঁতলে দিল বখাটে

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজিয়া নামে এক স্পিনিং মিল কর্মীকে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে একই মিলের শ্রমিক আউয়াল।

আহত রাজিয়াকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে নরসিংদী জেলার মাধবদী থানাধীন চৌঘরিয়া এলাকার হালিমের মেয়ে এবং স্থানীয় ব্রাহ্মনদী ইউপির ফকির বাড়ি এলাকায় অবস্থিত ভাই ভাই ম্পিনিং মিলে অপারেটর পদে কর্মরত। হামলাকারীও একই এলাকার ছালামের ছেলে এবং একই প্রতিষ্ঠানের শ্রমিক।

ঘটনার ছয়দিন পর বুধবার (১ মে) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।

অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের চাপে আইনি কোন ব্যবস্থা নিতে পারছিল না পরিবারটি। ২৭ এপ্রিল কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় প্রতিষ্ঠানের সামনে শ্রমিকবাহী গাড়িতে এ ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া বেগম দেশ রূপান্তরকে বলেন, বখাটে আউয়াল কর্মস্থলে আসা যাওয়ার সময় প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এতে আমি রাজি না হওয়ায় ২৭ এপ্রিল প্রতিষ্ঠানের সামনে গাড়িতে একা পেয়ে ফের আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে সে মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এদিকে রাজিয়ার বাবা হালিম মিয়া বলেন, মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এর আগেও রাজিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করেছে।

তিনি আরও বলেন, বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়ের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই রাজু আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় মেয়ের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দুই পক্ষের মধ্যে মীমাংসা করার একটি প্রক্রিয়া চলছে। তবে সমাধান না হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।