ফারুকীর জন্মদিনে তিশার ‘ডিজিটাল কেক’!

গতকাল ছিল জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন। স্ত্রী তিশা প্রতিবার দিনটি উদ্যাপন করলেও এবার তিনি রয়েছেন দেশের বাইরে শ্যুটিংয়ে। তাই প্রিয়তম স্বামীকে সারপ্রাইজ দিতে পারেননি তিনি, তবে স্বামীর জন্মদিনে পুরো টিম নিয়ে কেক কেটেছেন। আর বাংলাদেশে বসে ভিডিও কলে সেই কেকের মোমের আগুন ফুঁ দিয়ে নিভিয়েছেন ফারুকী! এদিকে, জন্মদিনেও একটি বিজ্ঞাপনচিত্রের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ফারুকী। জন্মদিন নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, ‘এই হইল আমাদের একটা জীবন। যে জীবনের অতীত এবং ভবিষ্যতের ওপর আমাদের কোনো হাতই নাই। জন্মের আগে কই ছিলাম আর পরে কই যামু তার কোনো দিশা করতে পারলাম না আমরা এখনো। বর্তমানের ওপরও কতটা হাত আছে বোঝা মুশকিল। তো এই রকম একটা জীবন লইয়া মোটামুটি পঁয়তাল্লিশ বছর কাটায়া দিলাম। ভালো-মন্দ, ভুল-শুদ্ধ মিলেমিশেই কাটল সময়টা। এর মধ্যে কাউকে হয়তো কমফোর্ট দিছি, কাউকে আহত করছি। কারও জীবনে কোনো অর্থ তৈরি করছি, কারও জীবনে করি নাই। জন্মদিনের এই দিনে নিজের কাছে এই প্রত্যাশাই আমার, যেন মানুষকে আরও বেশি ভালোবাসতে পারি। কারও উপকারে যদিওবা না আসি, অপকারে যেন না লাগি। অতীতের ভুল যেন বারবার না করি। এই হইল আমার জন্মদিনের রেজল্যুশন।’