ট্রেনে কাটা পড়ে কুষ্টিয়ার মিরপুরে মানসিক ভারসাম্যহীন এবং জয়পুরহাট শহরে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
কুষ্টিয়া : মিরপুরে ট্রেনে কাটা পড়ে বিষু গাজী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মিরপুর-পোড়াদহ স্টেশনের মাঝামাঝি দুর্গাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিষু গাজী মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের মৃত ভিকু গাজীর ছেলে। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। সকালে রেললাইন দিয়ে হাঁটছিলেন বিষু গাজী। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
জয়পুরহাট : শহরের দুই নম্বর রেলগেট ফায়ার সার্ভিস-ডাকবাংলো রোডে দ্রুতযান ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবদুল গাফফার নামে একজন নিহত হয়েছেন। নিহত আবদুল গাফফার সদর উপজেলার কড়ই-মালুপাড়া এলাকার সুজাতুল্লাহার ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এলে মোটরসাইকেল আরোহী আবদুল গাফফার পারাপারের সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনটি তাকে ছেঁচড়ে নিয়ে ১ নম্বর রেলগেটের কাছাকাছি চলে আসে। চালক ট্রেনটি থামিয়ে দেওয়ার আগেই লাশ ও মোটরসাইকেল খন্ডবিন্ড হয়ে যায়।