বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’র কবল থেকে দেশবাসীকে যেন মহান আল্লাহতায়ালা রক্ষা করেন সেজন্য আজ শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডন সফররত প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের মাধ্যমে দেশবাসীর প্রতি এ আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘ফণি’র বাংলাদেশ উপকূলে আঘাত হানার কথা রয়েছে। অতি প্রবল এই ঘূর্ণিঝড় থেকে আল্লাহ যেন দেশবাসীকে রক্ষা করেন, সেজন্য বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হবে।
এর আগে এদিন বেলা ৩টার দিকে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সাংবাদিকদের বলেন, ফণি বাংলাদেশ উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম দিকে ধাবিত হচ্ছে, যদি এভাবে অগ্রসর হতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে আঘাত করার প্যাটার্ন দুর্বল হয়ে যাবে।
তিনি বলেন, ‘এটি এখন ঘণ্টায় ২৭ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়ের ভেতরের বাতাসের গতিবেগ ১৮০ কিলোমিটার। এটি বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, যদি আমাদের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত করে তারপরও ক্ষতির পরিমাণ কম হবে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে এটি দিক পরিবর্তন করে উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি সেটা হয় তাহলে আমাদের উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে।