সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

সৌদি আরবের সাগরা এলাকায় গতকাল বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ বাংলাদেশি; গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতদের স্থানীয় সাগরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি বলেন, সকালে রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরাতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে একটি গাড়ি। গাড়িটিতে চালকসহ ১৭ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত দুজন আশঙ্কামুক্ত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। হতাহতদের নাম-ঠিকানা এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।