চলচ্চিত্রে অনুদান কমিটি

তথ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পদত্যাগ করছেন না চার সদস্য

তথ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর পদত্যাগ করছেন না চলচ্চিত্রে অনুদান কমিটির চার সদস্য। গত বুধবার রাতে মিন্টো রোডে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সরকারি বাসভবনে আলোচনায় বসেন অনুদান কমিটির সদস্যরা। উদ্ভূত সমস্যা সমাধানের ব্যাপারে তথ্যমন্ত্রী কিছু প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে চার সদস্য পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন।

গত ২৮ এপ্রিল কমিটি থেকে পদত্যাগের চিঠি দেন চার গুরুত্বপূর্ণ সদস্য মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম ও মতিন রহমান। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুদান কমিটি থেকে পদত্যাগ করছেন না ওই চার সদস্য। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যরা সবাই তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখছেন। যে চার সদস্য পদত্যাগ করার কথা বলছিলেন, বুধবার রাতে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা কমিটিতে নিজ নিজ দায়িত্ব পালন করে যাবেন বলে মন্ত্রীকে জানিয়েছেন। মন্ত্রীও এবারের অনুদান সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য সচিব আবদুল মালেক। চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, অনুদানের ছবির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো নিয়েও বৈঠকে আলোচনা হয়।

অনুদান কমিটির অন্যতম সদস্য মোরশেদুল ইসলাম জানান, তারা আপাতত পদত্যাগ করছেন না। কমিটির আরেক সদস্য মামুনুর রশীদ বলেন, ‘অনুদান নিয়ে যেসব অনিয়ম রয়েছে, মন্ত্রণালয় সেগুলো খতিয়ে দেখবে।’ অনুদানপ্রাপ্ত ছবিগুলোর ব্যাপারে নতুন করে কোনো সিদ্ধান্ত হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হতেও পারে।’