জেলার শেরপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে শফিউর রহমান জ্যোতি (৫০) নামে একজন মারা গেছেন। পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা জ্যোতির বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি ধুনট উপজেলার প্রতাপ খাদুলি গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী জানান, গত মঙ্গলবার রাত ১টার দিকে শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি ব্রিজের কাছে গোলাগুলির খবর পেয়ে তিনি ও শেরপুর থানার ওসি হুমায়ন কবিরসহ পুলিশের একটি দল সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে একজনকে গুরুতর আহত অবস্থায় পায়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জ্যোতি বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন বলেও জানান তিনি।