দক্ষ অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শক হৃদয়ে জায়গা করে আছেন মৌটুসী বিশ্বাস। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ফলেই মাঝেমধ্যে গড়পড়তা কাজ করতে হয় বৈকি। কিন্তু সব সময় অপেক্ষায় থাকেন ভিন্নধর্মী একটি গল্পের, একটি চরিত্রের। পেয়ে গেলে মনের সবটুকু রং দিয়ে ফুটিয়ে তোলেন চরিত্রটি। তেমনি কয়েকটি কাজ সম্প্রতি শেষ করেছেন এই তারকা। তাসমিয়া আফরিন মৌ পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘নায়িকার এক রাত’। এতে একক অভিনয় করেছেন মৌটুসী। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রথম আলো আয়োজিত তরুণ নির্মাতা খোঁজার আয়োজনে প্রথম স্থান অধিকার করেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যাবে চলচ্চিত্রটি। এই স্বল্পদৈর্ঘ্যরে গল্প নিয়ে মৌটুসী বলেন, ‘সারা বিশ্বেই এখন একজন নায়িকাকে বার্বি ডলের মতো বিবেচনা করা হয়। সে দেখতে সব সময় ফিট অ্যান্ড গ্ল্যামারাস থাকবে এটাই প্রত্যাশা করে সবাই। এই চাহিদা মেটাতে গিয়ে নায়িকার কী ধরনের চাপ নিতে হয় তা নিয়ে এর গল্প। মাত্র ১০ মিনিটের মধ্যে নির্মাতা দারুণভাবে সমসাময়িক একটি গল্প তুলে ধরেছেন। এর জন্য আমাকে কিছু সাহসী দৃশ্যেও অভিনয় করতে হয়েছে। আমি কাজটি করতে রাজি হয়েছি কারণ, এটি আন্তর্জাতিক উৎসবে যাবে ভেবে। আমার মনে ছিল না পরে এটি দেশেও প্রকাশ পাবে। কিন্তু চলচ্চিত্রটি পুরস্কার জেতায় আমার ভয় কেটে গেছে।’
এর আগে আরেকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় কাজ করেছেন মৌটুসী। চৈতালী সমাদ্দার ও সাইফুল আকবরের ‘সি ইউ’ শিরোনামের সেই চলচ্চিত্রটিও কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়। এখানে মৌটুসীর সঙ্গে আরও অভিনয় করেন গুণী অভিনেত্রী ত্রপা মজুমদার।
আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্মিত মুনতাসির আকিবের ‘আইসক্রিম বিক্রেতা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেরও শ্যুটিং শেষ করেছেন মৌটুসী। তার স্বামীর চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু। বেশ কিছুদিন আগে শ্যুটিং করা মাসুদ জাকারিয়া সাবিনের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে।
এ ছাড়া নিয়মিত ধারাবাহিক নাটকের শ্যুটিং করছেন এই অভিনেত্রী। সম্প্রতি নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন তিনি। এজাজ মুন্নার পরিচালনায় এর নাম ‘শহর আলী’। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আবদুল কাদের, নাদিয়া খানম প্রমুখ। এই নাটকেও ব্যতিক্রমী একটি চরিত্রে হাজির হবেন তিনি। এখানে তিনি একটি দাঁতের মাজনের কোম্পানির মালিকের পিএস।
‘খান্দানি মঞ্জিল’ নামে আরেকটি ধারাবাহিক নাটকে কুটিল প্রকৃতির গৃহবধূ চরিত্রে অভিনয় করছেন মৌটুসী। বাংলাভিশনে তার অভিনীত ‘খেলোয়াড়’ ও ‘পাগলা হাওয়া’ ধারাবাহিক দুটি প্রচার হচ্ছে।
অভিনয়ের বাইরে তিনি নাগরিক টিভির ‘রান্নার এক্সপার্ট’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। সেখানে তাকে সার্বক্ষণিক একজন পেশাদার সেফ সাহায্য করে থাকেন।