কিশোরগঞ্জ ও নেত্রকোনায় বজ্রপাতে শিশুসহ নিহত ৭

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে বিরূপ আবহাওয়ায় কিশোরগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন জায়গায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার দুপুরে ৩০ মিনিটের ঝড়ের সঙ্গে বজ্রপাতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুজন, পাকুন্দিয়ায় তিনজন ও ইটনায় একজন মারা যান। নেত্রকোনার মদন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন এক কৃষক। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরেÑ

কিশোরগঞ্জ : জেলার তিন উপজেলায় ঝড়ের সময় বজ্রপাতে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা গ্রামের আয়েছ আলীর ছেলে আসাদ মিয়া (৪৫), চর আলদি গ্রামের ইন্তাজ আলীর ছেলে মুজিবুর রহমান (৩৫), একই গ্রামের আলতাব উদ্দিনের মেয়ে নুরুন্নাহার (৩২), মিঠামইনের কেওয়ারজোড় ইউনিয়নের কুড়ারকান্দি গ্রামের এবাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৭), বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মহিউদ্দিন (২২) ও ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠুইর গ্রামের রাকেশ দাসের ছেলে রুবেল দাস (২৬)। পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, বেলা সাড়ে ১২টার দিকে আসাদ মাঠে ঘাস কাটতে গেলে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে আসাদ ঘটনাস্থলেই মারা যান। আর মুজিবুর রহমান বাড়ির সামনের জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। অন্যদিকে নুরুন্নাহার চালের মিল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলে গাছতলায় দাঁড়ান। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী জানান, বৃষ্টির মধ্যে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান সুমন মিয়া। এ ছাড়া প্রায় একই সময় হাওরের জমিতে বোরো ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন মহিউদ্দিন। অন্যদিকে গরুর জন্য ঘাস কাটার সময় মারা যান আসাদ মিয়া।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, বেলা সাড়ে ১২টার দিকে হাওরে ধান কাটা শেষে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে বজ্রপাতে আহত হন তিনি। পরে গ্রামের বাসিন্দারা উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা : মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। নিহত আবদুল বারেক (৩৫) গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিমপাড়া গ্রামের প্রয়াত রোমালির ছেলে।

মদন থানার ওসি রমিজুল হক জানান, গতকাল শুক্রবার দুপুরে বাড়ির সামনের হাওরে ধান কাটছিলেন আবদুল বারেক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।