শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ি-ফরিদপুর সড়কের সদর উপজেলার আলাদীপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আহতদের রাজবাড়ি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনার পর সড়ক ডিভাইডারের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে জেলা প্রশাসক মো. শওকত আলীর আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষিরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীণবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব-১৫-১৬৭২) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ি সদর উপজেলার আলাদীপুর এলাকায় পৌঁছায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ( ঢাকা মেট্রো ট-১৩-৪৯৮২) সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ২জন নারী ও ২ জন পুরুষ যাত্রী মারা যায়। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। এরা হল সাতক্ষীরার নগরখাদা গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী আসমা খাতুন (৩৫) এবং সুলতানপুরের রওশন আলী (৫০)।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। আহত ও নিহতের বাড়ি সাতক্ষিরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ি -১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।