বাংলাদেশের বড় কোনো ক্ষতি না করেই বিদায় নিচ্ছে ঘূর্ণিঝড় 'ফণী'। শনিবার রাত ৯টা দিকে তা বাংলাদেশের সীমানা ছাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে এ ঘূর্ণিঝড় আতংক ছড়িয়েছে অনেক। ভারতের ওড়িশায় এর ক্ষয়ক্ষতির ধরনও ভয় ধরানোর মতো।
ঘূর্ণিঝড় ফণীর প্রবণতা লক্ষ্য করে ভবিষ্যতের ঝড়ের ধরন ও এর কারণ নিয়ে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারে লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক বাপি গোস্বামী।
তিনি লিখেছেন, 'ভবিষ্যতেও বার বারই এর (ঘূর্ণিঝড়) মুখোমুখি হতে হবে। কারণ পৃথিবীর যে অঞ্চলে আমরা থাকি, সেখানে পাশাপাশি অবস্থান করছে দুটো সম্পূর্ণ বিপরীত প্রবণতা। বার বার ঘূর্ণিঝড় বা সাইক্লোনের মুখে পড়া এই অঞ্চলের ভবিতব্য'।
'এক দিকে মধ্য ভারতের বিস্তীর্ণ স্থলভাগ। আর তার পাশেই বঙ্গোপসাগরের বিশাল জলভাগ। বিপরীত প্রবণতার উৎস এটাই'।
তিনি লিখেছেন, 'মধ্য ভারতের প্রশস্ত স্থলভাগে প্রায় সারা বছরই সূর্যরশ্মি দাপট দেখায়। সূর্যের তাপে ওই বিস্তীর্ণ স্থলভাগের হাওয়া গরম হয়ে উপরে উঠে যায় এবং মধ্য ভারতের স্থলভাগে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়'।
'সেই বিশাল স্থলভাগ যেখানে শেষ হচ্ছে, ঠিক সেখানেই আবার বিশাল জলভাগ— বঙ্গোপসাগর। সূর্যের তাপে রোজ বঙ্গোপসাগরের জল বাষ্পীভূত হয়ে প্রচুর বাষ্পের জন্ম দেয়। জলীয় বাষ্প সমৃদ্ধ হাওয়া ভারী হওয়ায় খুব উপরে উঠতে পারে না, ফলে উচ্চচাপের পরিস্থিতি থাকে এই অঞ্চলে'।
এই অধ্যাপক তার নিবন্ধে আরো উল্লেখ করেছেন, 'হাওয়া সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাই বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ভারী তথা অপেক্ষাকৃত ঠাণ্ডা বাতাস উত্তর ভারতের স্থলভাগের দিকে ছুটে যায়। এই প্রবণতাই ঘূর্ণিঝড় বা সাইক্লোনের জন্ম দেয়। তবে হাওয়া বঙ্গোপসাগর থেকে মধ্য ভারতের দিকে যেতে চাইলেই যে ঘূর্ণিঝড় তৈরি হবে, তেমন নয়'।
'সমুদ্রের উপরে জমতে থাকা জলীয় বাষ্প বা ভারী বাতাস ঘূর্ণাবর্তের রূপ নেবে কি না, তা তাপমাত্রার বাড়া-কমার উপরে অনেকটাই নির্ভর করে। সমুদ্রের জলের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা থাকে'।
বঙ্গোপসাগরের সঙ্গে আরব সাগরের তুলনা করে বাপি গোস্বামী জানান, 'ভারতের দক্ষিণ-পশ্চিমে যে আরব সাগরের অবস্থান, সেই আরব সাগরেও তো একই রকম পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব। মধ্য ভারতের বিস্তীর্ণ স্থলভাগের পূর্ব দিকের কিনারায় যেমন বঙ্গোপসাগরের অবস্থান, ঠিক তেমনই তো ওই স্থলভাগের পশ্চিম দিকের কিনারায় আরব সাগর রয়েছে'।
'আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয় না, তা নয়। ঘূর্ণিঝড় আরব সাগরেও তৈরি হয়। কিন্তু সে সব ঝড়ের অধিকাংশই পশ্চিম দিকে চলে যায় অর্থাৎ মধ্য এশিয়ার উপকূলে গিয়ে আঘাত হানে। কারণ, প্রথমত ভারতের পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত পাহাড়ে হাওয়া বাধা পায়।'
তিনি লেখেন, 'দ্বিতীয়ত মধ্য ভারতের চেয়ে মধ্য এশিয়ার দিকে নিম্নচাপের তীব্রতা অধিকাংশ সময়েই বেশি থাকে।'
এ গবেষক জানান, 'আরব সাগরের চেয়ে বঙ্গোপসাগর অনেক বেশি উত্তাল বা অশান্ত বলেই এমনটা হয়।পশ্চিমবঙ্গের উপকূল এমনই একটা অবস্থানে রয়েছে যে, খুব কমসংখ্যক সাইক্লোনই সরাসরি এই উপকূলের দিকে আসে'।
'ঘুর্ণিঝড়গুলোর জন্ম মূলত হয় আন্দামান এবং অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি এলাকায়। ওই অঞ্চল থেকে সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার প্রবণতা কমই থাকে। কারণ হয় পূর্বে, না হয় পশ্চিমে যাওয়ার প্রবণতাই বেশি থাকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনগুলোর। তাই এই সব সাইক্লোন হয় তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। না হলে মুখ ঘুরিয়ে চলে যায় বাংলাদেশ বা মিয়ানমারের দিকে। ওড়িশা উপকূলে আঘাত হানা সাইক্লোনের সংখ্যাও কম নয়। ওই সব সাইক্লোনের প্রভাব প্রায় প্রত্যেকবারই পশ্চিমবঙ্গে পড়ে। সাইক্লোন ফণী যে ভাবে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে যাচ্ছে, তাতে এর চূড়ান্ত গন্তব্য সেই বাংলাদেশই'।
'একটা বিষয় অবশ্য ফণীর ক্ষেত্রে বিশেষ ভাবে লক্ষ্যণীয়। ওড়িশার স্থলভাগের খুব গভীরে কিন্তু এই সাইক্লোন ঢুকছে না। উপকূল বরাবরই এই সাইক্লোন ক্রমশ উত্তর-পূর্ব দিকে বাঁক নিচ্ছে। এই প্রবণতা বহাল থাকলে উপকূলবর্তী দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়া অন্যান্য জেলায় সাইক্লোনের ঝাপটা খুব জোরে লাগবে না। কলকাতাও অনেকটাই রেহাই পেয়ে যেতে পারে। কারণ পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে বাংলাদেশের যশোর, নোয়াখালির দিকে ঘুরে যাওয়ার একটা প্রবণতা এই সাইক্লোনটার মধ্যে দেখছি। তবে যতক্ষণ না সাইক্লোনটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ তার গতিবিধি সম্পর্কে খুব নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব নয়'।