নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামে গতকাল শনিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাফি নামের ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কান্দিউরা গ্রামের ফারুক মিয়ার ছেলে নাফি প্রতিবেশী সহপাঠীর সঙ্গে শনিবার দুপুরে বাড়ির কাছের পুকুরে গোসল করতে নামে। নাফি ডুব দিয়ে আর না ভাসায় তার সহপাঠী বাড়িতে খবর দেয়। পরে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে পুকুরের তলদেশ থেকে নাফির মৃতদেহ উদ্ধার করে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী পানিতে ডুবে নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সে সাঁতার জানত না।