ফণির কবলে না পড়ায় স্বস্তি নেমেছে রাজশাহীতে। মানুষের মনে যে শঙ্কা ছিল গতকাল শনিবার দুপুরের পর থেকেই তা কেটে যায়। রাজশাহীর মানুষ দুই কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর একটি হলো ফণির তা-ব আসেনি এ অঞ্চলে, আরেকটি হলো স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টির কারণে গত কয়েক দিনের খরতাপ কেটে গেছে। গত শুক্রবার থেকেই তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় শীতল হয়েছে পুরো অঞ্চল।
ফণি নিয়ে গত কয়েক দিন ধরেই সারা দেশের মতো রাজশাহীর মানুষের মনেও তৈরি হয়েছিল শঙ্কা। ফণিকে সামনে রেখে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, দমকল বিভাগ পূর্ব প্রস্তুতিও নেয়। কিন্তু গতকাল সকালের দিকে মুখে মুখে ছড়িয়ে পড়ে ফণির তা-ব রাজশাহীতে আসছে না। এরপর থেকেই স্বস্তি নামে মানুষের মনে। আগের দিন বন্ধ থাকা দোকানপাট খুলতে শুরু করে।
তবে ফণির প্রভাবে দু’দিন দরে বৃষ্টি হয়েছে রাজশাহীতে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি লাগাতার চলে গতকাল দুপুর পর্যন্ত। কখনো অল্প, কখনো মুষলধারে বৃষ্টি। সেই সঙ্গে ছিল হালকা বাতাস।
বৃষ্টির কারণে গতকালও রাস্তায় লোকজনের চলাচল ছিল কম। কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টি আমের জন্য বেশ কাজে লেগেছে। পাকা-আধাপাকা ধান নিয়ে কৃষকের মনে যে ভয় তৈরি হয়েছিল তাও কেটে গেছে। গতকাল বেলা ৩টার পর রাজশাহীর আকাশে রোদ দেখা গেছে। এ থেকে মানুষের মনে আশা জেগেছে, হয়তো বৃষ্টিও অস্বাভাবিক হবে না।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরও ৪ দশমিক ৪ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।