বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণি’ ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় এবং বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় শুকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বশক্তিমান মহান আল্লাহর অশেষ কৃপায় ঘূর্ণিঝড়টি স্থলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর-সাতক্ষীরা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হয়। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এজন্য লন্ডন সফররত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন।’ প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। সভায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর দুর্যোগ মোকাবিলায় গৃহীত প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার প্রায় সাড়ে ১২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য জেলা-উপজেলা প্রশাসনসহ ওইসব এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবকদের তৎপরতার প্রশংসা করা হয়।
এছাড়া সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার-ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত কার্যক্রমেরও সন্তোষ প্রকাশ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও তাদের ধন্যবাদ জানান মুখ্য সচিব। তিনি বলেন, ভবিষ্যতেও জাতির যেকোনো দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে হবে।