হানিফের দাবি

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভিত্তিতে ফণি মোকাবিলা

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের দেওয়া আগাম তথ্যের কারণে সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘ফণির ভয়াবহ আঘাত হানার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে এই দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎপেক্ষণ করা হয়। ফণি ২০০০ কিলোমিটার দূরে থাকতেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আগাম তথ্য পাওয়া যায়। এই তথ্যের ওপর ভিত্তি করে আগাম প্রস্তুতি নেওয়া হয়। তবে ফণি ওড়িষ্যায় যে মাত্রায় আঘাত করেছে সেটা দুর্বল হয়ে ভয়াবহতা কমে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করছে। এ কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল, ক্ষয়ক্ষতির যে আশঙ্কা ছিল সেটা কেটে গেছে।’

২০১৮ সালের ১১ মে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়। যোগাযোগ-বিষয়ক এ স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড় ফণি যে মাত্রায় আঘাত হানার আশঙ্কা ছিল ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল সেটা হয়নি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার পরও যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, যে পরিবারের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে। পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। ১৯টি জেলার প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছিল। প্রশাসনের পাশাপাশি আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই সব জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও এমপিদের সঙ্গে যোগাযোগ করে দলের নেতাকর্মীদের নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিই। আওয়ামী লীগের নেতাকর্মীরাও মানুষের সার্বিক সহযোগিতায় প্রস্তুতি গ্রহণ করে এবং এগিয়ে আসে। কেন্দ্রীয়ভাবে আমরা মনিটরিং সেল গঠন করে মনিটর করছি। ফণির প্রভাব কমে গেলে আওয়ামী লীগের টিম যাবে।’

প্রস্তুতির ঘাটতির কারণে ১৫ জনের প্রাণহানি হয়েছে বিএনপির এ অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘সরকারের প্রস্তুতি সম্পর্কে সবাই জানে। এবার যে প্রস্তুতি নেওয়া হয়েছিল ইতিহাসে এর আগে এত প্রস্তুতির কোনো রেকর্ড নেই। যে ১৫ জনের প্রাণহানি হয়েছে তার মধ্যে ছয়জন মারা গেছেন বজ্রপাতের কারণে। এই প্রাকৃতিক আঘাত কী করে ঠেকানো সম্ভব? তাদের এই অভিযোগ মিথ্যাচার, নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। তাদের এসব কথা অনেকে পাগলের প্রলাপ বলে মনে করে। তাদের প্রতি ধিক্কার ও করুণা জানাই।’ বিএনপি নিজেদের সমস্যা ঢাকাতেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করে বলেও জানান তিনি।