সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপক্ষীয় আলোচনা চলছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা চলছে। গতকাল শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গ্লোবাল কমপ্যাক্ট ফর কোয়ালিশন (জিসিএম) আয়োজিত এক পরামর্শক সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০১৭ সাল থেকে মিয়ানমার রাখাইন রাজ্যের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে ঠেলে দিয়েছে। বাংলাদেশের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে।’ তিনি বলেন, ‘সীমান্ত বন্ধ করে অভিবাসন ঠেকানো কোনো সমাধান নয়। এটা একইভাবে কোনো দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখার সেফগার্ডও নয়। এসব ঘটনা আবেগের চেয়ে যুক্তি দিয়ে বিচার করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যখন মাইগ্রেশন কমপ্যাক্ট নিয়ে আলোচনা করব, তখন জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক পরিচয়, দ্রুতগতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি বিষয়েও আলোচনা করতে হবে।’

সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি অগাস্টিন সান্তোস ও গ্লোবাল কোয়ালিশন ফর মাইগ্রেশনের সমন্বয়ক কলিন রাজাহ প্রমুখ বক্তব্য রাখেন।