খুলনার ডুমুরিয়া ও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত শুক্রবার গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে দুজন মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতার পাঠানো খবর :
খুলনা : র্যাব-৬ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। পুলিশ জানিয়েছে, ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়। ডুমুরিয়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে থুকড়া গ্রামের শান্তিনগর এলাকার কামরুল ইসলাম গাজীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় সেখান দিয়ে র্যাবের একটি টহল দল যাচ্ছিল। ঘটনা টের পেয়ে র্যাবের টহল দল এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়তে থাকে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে কামরুলের ঘরে গুলিবিদ্ধ এক ডাকাতকে দেখে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ : নিহত হযরত আলীর (৪৫) বিরুদ্ধে মাদক আইনে ১০টি মামলা আছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল। তিনি জানান, নান্দাইলের সাভার এলাকার একটি ক্লিনিকের পেছনে অস্ত্রধারী কিছু মাদক কারবারি মাদক কেনাবেচা করছেÑ এমন গোপন সংবাদে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় হযরতকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি শাহ কামাল আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।