একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল শনিবার ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুলতানা কামাল। দেশ রূপান্তরকে জিডির বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ওসি মো. আবদুল লতিফ।
তিনি বলেন, ‘বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে। উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ এটি তদন্ত করছেন। এ ছাড়া জিডির একটি কপিসহ বিস্তারিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে পাঠানো হয়েছে।’
জিডিতে বলা হয়, জঙ্গিগোষ্ঠী আইএস সমর্থিত ‘লোন উলফ’ ম্যাগাজিনের মার্চ মাসে প্রকাশিত সংখ্যায় উল্লেখ করা হয়, তারা বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে ইসলামের স্বার্থে হত্যা করতে চায়। এদের মধ্যে সুলতানা কামালের নামও রয়েছে। জিডিতে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সুলতানা কামালের নিরাপত্তায় বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে।
ওই অনলাইন পত্রিকায় ‘আমাদের টার্গেট’ শিরোনামের একটি অধ্যায়ে বাংলাদেশ ও ভারতের যাদের ওপর হামলা করা হতে পারে, তাদের নাম উল্লেখ করা হয়েছে।
গত বছরের মার্চে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ‘লোন উলফ’ হামলা করা হয়েছিল বলে উল্লেখ আছে ওই ম্যাগাজিনে। উল্লেখ্য, ‘লোন উলফ’ অর্থ একাকী মুজাহিদ। এর সদস্যরা মুজাহিদ চিন্তাধারা সমর্থন করে একাকী হামলা চালায়।
আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত ওই অনলাইনে, হামলা কিভাবে করতে হয়, যোগাযোগের কৌশল, সিসি ক্যামেরা এড়িয়ে চলা, নিশানা বেছে নেওয়া, যাতায়াতের কৌশল, রেকি করার পদ্ধতি, অপারেশনের পরিকল্পনা, কী করা যাবে আর কী করা যাবে না, টিম সিলেকশনের কৌশলগুলো সম্পের্কেও নির্দেশনা দেওয়া আছে।