সুইডেনে প্রতিনিধিত্ব করা গৌরবের

সুইডেনে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’। এ প্রসঙ্গ নিয়েই নাটকটির নির্দেশক রোকেয়া রফিক বেবী’র সঙ্গে কথা বলেছেন পাভেল রহমান

সুইডেন থিয়েটার আর্ট ইউনিট

সাংস্কৃতিক বিনিময় প্রকল্পের আওতায় সুইডিশ নাট্যদল সন্দ্রেবলস অপেরার আমন্ত্রণে আমরা সুইডেন সফর করছি। আগামী ১০ ও ১১ মে স্টকহোমের ফ্রায়া টিটার্নে থিয়েটার আর্ট ইউনিট প্রদর্শন করবে নতুন নাটক ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’। এ উপলক্ষে আমাদের ১৯ জনের দল আজ রওনা করবে। সুইডেনের স্টকহোমে নাট্য প্রদর্শনী ছাড়াও সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে আমাদের দলের সদস্যরা। সুইডেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা থিয়েটার আর্ট ইউনিটের জন্য গৌরবের।

‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’র উপজীব্য

সুতায় সুতায় হ্যানা ও শাপলা মূলত পৃথিবীর দুই প্রান্তের দুই নারীর উপাখ্যান। হ্যানা বিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে জন্ম নেওয়া সুইডেনের এক সূচিশিল্পী। অন্যদিকে শাপলা বাংলাদেশের এক গার্মেন্টসের শ্রমিক। নাটকটি এই দুই মৃত নারীর পরস্পরের গল্পকথন। নাটকটির মধ্য দিয়ে আসলে আমরা শেকড়ের খোঁজ করেছি। আমাদের যারা কাঁথা সেলাই করতেন, আমাদের নকশিকাঁথার গৌরবময় ঐতিহ্য ছিল। কিন্তু সেগুলো হারিয়ে গেছে।

নাটকটি বেছে নেওয়ার কারণ

এ নাটকের মাঝে মানবিকতার গল্প আছে, প্রেমের গল্প আছে। নাট্যকার আনিকা মাহিন সেগুলোকে তুলে ধরেছেন। হ্যানা সুইডেনের সূচিশিল্পী, শাপলা বাংলাদেশের সূচিশিল্পী। দুই নারীর মর্মবেদনার মধ্য দিয়ে আমরা বিশ^ায়নের একটি চিত্রকে তুলে ধরেছি। হ্যানা ও শাপলা পৃথিবীর দুই প্রান্তে বসবাস করা দুই নারী। কিন্তু তাদের একটা মিল আছে। এ নাটকটি দর্শকদের ভাবনার দুয়ারে কড়া নাড়বে।

নেপথ্য কুশীলব

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আবীর সায়েম ও সহযোগী হিসেবে আছেন রানা সিকদার। সংগীত পরিকল্পনা করেছেন সেলিম মাহবুব। কোরিওগ্রাফি করেছেন সঙ্গীতা চৌধুরী ও মেহমুদ সিদ্দিকী এবং আলোক পরিকল্পনায় আছেন নাসিরুল হক। অভিনয় করছেন সুজন রেজাউল, সঙ্গীতা চৌধুরী, মিতালী দাস, মেহমুদ সিদ্দিকী, নূরুজ্জামান বাবু, এস আর সম্পদ, সজল চৌধুরী, আবীর সায়েম, অপ্সরা মৌ। নাটকটির মূল গায়েন সেলিম মাহবুব। গায়েন দলে রয়েছেন চন্দন রেজা, কামরুজ্জামান মিল্লাত, আনিকা মাহিন একা, মাহফুজ সুমন।