ভোটের ফলের পর মোদির বায়োপিক

উমঙ্গ কুমার পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নিয়ে জলঘোলা কম হয়নি। অবশেষে মুক্তির তারিখ পেল বিবেক ওবেরয় অভিনীত এই সিনেমা। লোকসভা নির্বাচনের গণনার একদিন পর অর্থাৎ ২৪ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। টুইটারে বিবেক ওবেরয় লিখেছেন, ‘প্রথমে সিনেমাটি ৫ এপ্রিল মুক্তির কথা ছিল, কিন্তু সিবিএফসির ছাড়পত্র না পাওয়ায় তা পিছিয়ে যায়। ছবিটির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দলের ভর্ৎসনার মুখে পড়েন। অনেকে এটিকে ‘প্রোপাগান্ডা সিনেমা’ বলেন কারণ লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলবে আর তার মধ্যেই মুক্তি পাচ্ছে এটি। সুপ্রিম কোর্টে একটি বিবৃতিতে জানিয়েছিল, ‘পি এম মোদি’ শুধু একটি বায়োপিক নয়। এর সংলাপ, উপস্থাপনার প্রতিটি পরতে পরতে রয়েছে রাজনৈতিক রং এবং রাজনৈতিক নেতাদের নিয়ে স্তুতিবাক্য। নির্বাচন কমিশন শীর্ষ আদালতে এই ছবিকে ‘জীবনীমূলক’ আখ্যা দিয়ে জানায়, চলতি লোকসভা নির্বাচনের সময় এই ছবিটি কোনো একটি বিশেষ দলের ভাবমূর্তি উন্নতিতে সাহায্য করছে। ফলে অবশ্যই নির্বাচনী বিধিকে লঙ্ঘন করছে। অবশেষে আমরা আসছি ২৪ মে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’

ছোটবেলা থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত যাত্রাপথকে দেখানো হবে সিনেমাতে।

এই ছবিতে বিবেক ছাড়াও রয়েছেন বোমান ইরানি, বরখা বিস্ত, দর্শন কুমার, জরিনা ওহায়াব, মনোজ যোশী ও আরও অনেকে।