রপ্তানি বাড়াতে চামড়াজাত পণ্য, রাসায়নিক শিল্প, কাগজ ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে শুল্কমুক্ত বন্ড সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল রাজধানীতে এক কর্মশালায় তিনি এ কথা জানান। গতকাল ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত ‘বাণিজ্য সম্প্রসারণ ও বন্ডেড ওয়্যারহাউজ নীতি’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশে এখন শুধু তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা দেওয়া হয়। রপ্তানি খাত সম্প্রসারণে আগামীতে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, চামড়াজাত পণ্য, কাগজ ও রাসায়নিক শিল্পসহ কয়েকটি খাতকেও একই ধরনের সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, পোশাক খাতের প্রবৃদ্ধির পেছনে বন্ড সুবিধাসহ বিভিন্ন প্রণোদনার ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ ভাগ আসে পোশাক রপ্তানি থেকে। সরকার অন্য পণ্যের রপ্তানিও বাড়াতে চায়। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে এসব শিল্পকে বন্ড সুবিধা দিতে চায় সরকার।
শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা আছে জানিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল অনেক ব্যবসায়ী দেশীয় বাজারে বিক্রি করে দিচ্ছেন। এতে প্রকৃত উদ্যোক্তারা যেমন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি সরকারও রাজস্ব হারাচ্ছে। তাই বন্ড সুবিধার অপব্যবহার রোধে কঠোর নজরদারি শুরু করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। ইতোমধ্যে ৫৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে বন্ড সুবিধার পুরো সিস্টেম অটোমেশনের আওতায় এনে মনিটরিং করার পরিকল্পনা রয়েছে।