কোনো আন্দোলনেই থামছে না সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই কোথাও না কোথাও প্রাণহানির ঘটনা ঘটছে। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে বিভিন্ন পেশা ও বয়সের মানুষ। গতকাল রবিবার সকালে রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মোজাম্মেল হক খান (৪৭)। তিনি রূপগঞ্জ থানা শাখায় কর্মরত ছিলেন।
সকাল ১০টার দিকে গোপালগঞ্জে পিকআপ খাদে পড়ে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক এজিএস শেখ মেজবাহউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। কাশিয়ানী উপজেলার
তিলছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শেখ হুমায়ুন কবিরের ছেলে মেজবাহ ডিজেল, পেট্রল ও মবিলের ব্যবসা করতেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হন।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন। গতকাল রবিবার ও গত শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। এর মধ্যে পটুয়াখালীর বাউফলে রোলারের চাপায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়। গতকাল সকালে উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ উল্টে দুজন নিহত হন। রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ফালগুণকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় ভোলার চরফ্যাশনে ট্রাক উল্টে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছে। উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চরনিউটন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজধানীর বিমানবন্দর থানার এসআই শরিফ হোসেন জানান, গতকাল সকালে বিমানবন্দর ও লা-মেরিডিয়ান হোটেলের মধ্যবর্তী পদ্মা ওয়েল পাম্প গেটের সামনে একটি বাস পেছন থেকে মোটরসাইকেল চালক মোজাম্মেলকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে উত্তরা উইমেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। দুপুর ২টার দিকে চিকিৎসকরা মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার আনিসুর রহমান জানান, মোজাম্মেল গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার সিনিয়র অফিসার ছিলেন। মোটরসাইকেলের কাগজ ঠিক করতে উত্তরা গিয়েছিলেন তিনি। তার পরিবার সাভারে থাকে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার তিলছাড়া বাজারে মবিল বিক্রি করে লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী হা-মীম পরিবহনের একটি বাস পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পড়ে যায়। এ সময় মেজবাহ এবং পিকআপচালক ও হেলপার আহত হন। গুরুতর অবস্থায় মেজবাহকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা নেওয়ার পথে মারা যান। তার মৃত্যুতে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক নিউটন মোল্লা শোক প্রকাশ করেছেন।
পটুয়াখালীর বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে রোলারের চাপায় পিষ্ট হয়ে রাফিয়া খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়। সে ওই গ্রামের জামাল খানের মেয়ে।
এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এসআই মিলন হোসেন জানান, শনিবার রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ফালগুণকরা এলাকায় চট্টগ্রামগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পিকআপে থাকা কারখানায় ব্যবহৃত একটি জেনারেটর শ্রমিকদের ওপরে পড়লে ঘটনাস্থলেই ভোলার সদর থানার দক্ষিণ দিঘলদীর আবুল বাশার বাসু (৪০) ও বড়নদী থানার মাইনকারহাটের মমতাজ মিয়া (৫০) মারা যান। এ ঘটনায় তৈয়ব আলী (২৮) ও জামাল হোসেন (৪২) নামে আরও দুজন আহত হয়েছেন।
চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফিন জানান, সন্ধ্যায় চরনিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক সোবহান মাঝিবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নীলফামারীর ডিমলা থানার ডালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবু জাহের (২৫), হেলপার উপজেলার চরনিউটন গ্রামের মৃত দুলালের ছেলে আনোয়ার হোসেন (১৫), ট্রাকে থাকা চরমাদ্রাজ গ্রামের ইউছুফ আলীর ছেলে জাহিদুল ইসলাম শাকিব (১৫) নিহত হন। এ সময় দুজন আহত হয়েছে।