‘মুজিব কোট’ খুলে নেওয়ার পাশাপাশি পাঞ্জাবি ছিঁড়ে ফেলা এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গতকাল রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। একই দিন মামলার প্রাথমিক শুনানি নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান।
মামলার আসামিদের মধ্যে আরও আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বাদী বলেন, ‘গত ৩০ এপ্রিল খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মানহানি মামলার হাজিরা দিতে সকাল ৭টায় রামপুরা থেকে ঢাকা-মাওয়া রোডের প্রচেষ্টা গাড়িতে রওনা হন তিনি। তাঁতীবাজার মোড় থেকে চার-পাঁচ যুবক তার পাঞ্জাবি ধরে টেনে গতিরোধ করে ছিঁড়ে ফেলে এবং বলে “তোকে পেয়েছি আর ছাড়া যাবে না, কারণ তুই আমাদের মা ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছিস। তোর মামলার কারণে আমাদের নেত্রী মুক্তি পাচ্ছেন না। তাই তোকে আজ খুন করব। কারণ আমাদের বিএনপির ঊর্ধ্বতন নেতারা হুকুম দিয়েছেন”।’ বাদী আরও অভিযোগ করেন, ‘তারা আমার গায়ে থাকা মুজিব কোট খুলে নিয়ে যায় এবং পকেটে থাকা ২২০০ টাকা ছিনিয়ে নেয়।’