নুসরাত হত্যায় সাক্ষ্য দিলেন দুই সহপাঠী

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় দুই সহপাঠীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। গতকাল রবিবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে সাক্ষ্য দেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের ওসি শাহ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘নুসরাত হত্যা মামলায় তার দুই সহপাঠী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো যাবে না।’

এর আগে বিভিন্ন সময়ে নুসরাত হত্যার দায় স্বীকার করে আদালতে

 

 

 জবানবন্দি দিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ (বর্তমানে সাময়িক বরখাস্ত) সিরাজ-উদ-দৌলা, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মণি, জাবেদ হোসেন, আবদুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত ৬ এপ্রিল পরীক্ষা দিতে গেলে মাদ্রাসার ছাদে নিয়ে অধ্যক্ষের অনুসারীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সিরাজ-উদ-দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আট আসামিসহ এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই।