সেই বাংলাদেশি জাহিদকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

প্রথম বাংলাদেশি হিসেবে প্রযুক্তি সংস্থা গুগলের পরিচালক হতে যাওয়া জাহিদ সবুরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে জাহিদকে এই অভিনন্দন জানানো হয়।

জাহিদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতক পাশ করে ২০০৭ সালে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে ভারতের বেঙ্গালুরু অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। ছয় মাস পরে তিনি গুগলের ক্যালিফোর্নিয়ার অফিসে যোগদান করেন।

জাহিদের গ্রামের বাড়ি পটুয়াখালী। কিন্তু জন্ম সৌদি আরবে। বাবা অধ্যাপনা করতেন কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে। যখন তার আট বছর বয়স, তখন পরিবারের সঙ্গে দেশে ফিরে আসেন। তাকে ভর্তি করানো হয় মণিপুর উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে চলে যান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে।

স্কুলের বিজ্ঞান মেলায় বরাবরই তিনি প্রথম হতেন। তবে ক্লাসে রোল থাকত নিচের দিকে। মুখস্থবিদ্যায় এতটুকু ভালো ছিলেন না। ও লেভেলে মোটামুটি ভালো রেজাল্ট করলেও এ লেভেলে খুব খারাপ অবস্থা হয়। যার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। তাই বলে জাহিদের স্বপ্ন ভেঙে যায়নি। বরং নিজেকে নিয়ে গেছেন শেকড় থেকে শিখরে।