সারা দেশের শীর্ষে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

প্রতি বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও ঝালকাঠি এনএস (নেছারাবাদ) কামিল মাদ্রাসা দাখিলে ভালো ফলাফল করেছে। এ মাদ্রাসা থেকে এ বছর ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। ১২৪ জন জিপিএ ৫ পেয়ে দেশের মধ্যে এ প্লাস প্রাপ্তিতেও প্রথম হয়েছে। আর বাকিরা সবাই এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. ছালেহ জানান, রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ এবং অভিভাবক সম্মেলনসহ অত্যাধুনিক ব্যবস্থাপনার কারণে কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল করে আসছে। ফলাফল প্রকাশের পর মাদ্রাসায় এসে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

অপরদিকে, এসএসসি পরীক্ষায় ঝালকাঠি জেলায় পাসের হার ৬৭ দশমিক ১৪ শতাংশ। জেলায় মোট ১০ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭ হাজার ২৩৫ জন পাস করেছে।