এসএসসির ফলে খুশি পূজা মন খারাপ দীঘির

গতকালই প্রকাশ হয়েছে এসএসসি পরীক্ষার রেজাল্ট। জনপ্রিয় দুই তারকা দীঘি ও পূজা চেরিও ছিলেন এবারের এসএসসি পরীক্ষার্থী। দুজনই পাস করেছেন। রেজাল্ট শুনে তো দারুণ খুশি বড় পর্দার তারকা পূজা চেরি। তিনি জানালেন, ‘আশা ছিল এ প্লাস পাব, কিন্তু পেয়েছি ৪.৩৩। তবুও আমি খুব খুশি। কারণ, এসএসসি পরীক্ষার আগে চলচ্চিত্রের কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে। সিনেমার প্রচার নিয়েও ব্যস্ততা ছিল। এর মাঝেও আমি পড়াশোনা করেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

তিনি আরও জানালেন, নিজের এই ফলের জন্য তার মা ঝর্ণা রায়ের অবদান অনেক। চলচ্চিত্রের কাজের ফাঁকে মা তাকে শিক্ষকদের কাছে পড়ার জন্য নিয়ে গেছেন। পড়ার জন্য আলাদা সময় বের করে দিয়েছেন। সব সময় মেয়ের পাশে থেকেছেন।

পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী। ভবিষ্যতেও বাণিজ্য বিভাগেই পড়তে চান। অন্যদিকে, তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী দীঘি ‘এ-মাইনাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাই মনটা বেশ খারাপ এই তারকার। তার বাবা অভিনেতা সুব্রত বলেন, দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। রেজাল্ট খুব একটা ভালো হয়নি। জিপিএ-৩.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছে। চেষ্টা করব ভালো একটা কলেজে ভর্তি করাতে। আমরা চাই আগামীতে ভালো করুক।’