বাণিজ্যমন্ত্রীর সঙ্গে টিভি মালিকদের বৈঠক

এক বছরের মধ্যে ডিজিটাল হবে কেব্ল অপারেশন

আগামী বছর জুন মাসের মধ্যে সারা দেশের কেব্ল অপারেশন ডিজিটাল পদ্ধতিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চলতি বছর ঢাকা ও চট্টগ্রামে ডিজিটাল করা হবে। এতে কেব্ল অপারেটরগুলো শৃঙ্খলার আওতায় আসবে। এতে করে দর্শকদের সেবার মান বাড়বে, বেসরকারি টিভি চ্যানেলগুলো উপকৃত হবে এবং দেশে রাজস্ব আয় বাড়বে।

গতকাল সচিবালয়ে অঞ্জন চৌধুরীর নেতৃত্বে বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে নতুন সিরিয়ালের আওতায় আনার কাজ চলছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের প্রতিষ্ঠান অ্যাটকোর দেওয়া সিরিয়াল অনুযায়ী তালিকা প্রস্তুত করা হবে। দেশি প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে সিরিয়াল নির্ধারণ করা হবে।

এ সময় শেখ কবীর হোসেন, ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল বাবু, আহমেদ যোবায়ের, আরিফ হাসানসহ অ্যাটাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের সঙ্গে টিপু মুনশির বৈঠক : সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত তাবাজারা ডি অলিভিয়ার সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী আরও বলেন, ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনাময় বড় বাজার। তবে উচ্চ শুল্ক হারের কারণে আশানুরূপ রপ্তানি হচ্ছে না। এফটিএ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের সফর বিনিময় হলে দেশটিতে রপ্তানি বাড়বে।