২০ দলীয় জোট ছাড়ল পার্থর বিজেপি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয় দলটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দেশ রূপান্তরকে বলেন, ‘নিজেদের সম্মান বিকিয়ে দিয়ে অন্যদের সঙ্গে জোট করার মনমানসিকতা আমার নেই। একই অভিমত বিএনপি ছাড়া ২০ দলীয় জোটের অন্য শরিক দলগুলোর। এখন বিজেপি তার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দলগুলো এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তা তাদের বিষয়।’

বিবৃতিতে বলা হয়, বিজেপি ১৯৯৯ সাল থেকে চারদলীয় জোটে আছে। পরবর্তী সময়ে ২০ দলীয় জোটে সক্রিয় ভূমিকা রাখে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হওয়ার পর ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মকা- ক্রমেই স্থবির হয়ে পড়ে। বিরোধীদলীয় রাজনীতি অতিমাত্রায় ঐক্যফ্রন্টমুখী হওয়ায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে এবং পরবর্তী সময়ে সরকারের সঙ্গে সংলাপসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে ২০ দলীয় জোটের বিএনপি ছাড়া অন্য কোনো দলের ভূমিকা ছিল না। সম্পৃক্ততাও ছিল না। শুধু সংহতি ও সহমত জানাতে জোটের সভা ডাকা হতো।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের পর প্রহসন ও ভোট ডাকাতির নির্বাচন হিসেবে অভিহিত করে নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়। কিন্তু পরবর্তী সময়ে প্রথমে গণফোরামের দুজন ও পরে বিএনপির পাঁচজন শপথ নেওয়ায় দেশবাসীর মতো বিজেপিও অবাক এবং হতবাক। শপথ নেওয়ার এ সিদ্ধান্তের সঙ্গে বিএনপি ব্যতীত জোটের কোনো দলের সম্পৃক্ততা নেই। বিজেপি মনে করে, এই শপথের মাধ্যমে বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার হারিয়েছে। এমতাবস্থায় জোটের বিদ্যমান রাজনীতি পরিস্থিতি বিবেচনা করে বিজেপি ২০ দলীয় জোটের সব রাজনৈতিক কর্মকা- থেকে বেরিয়ে আসছে।