পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে ইফতার সামগ্রী, রেল, লঞ্চ, বাসের টিকিট এবং নগদ অর্থ লেনদেনে বিশেষ নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, ব্যবসায়ী ও কারবারিদের যেকোনো ধরনের ‘কারসাজি’ ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অতি মুনাফার লোভে কেউ যাতে ভেজাল পণ্য কিংবা ওজনে কম দিতে না পারে সে জন্য আজ মঙ্গলবার থেকে রাজধানীতে বিশেষ অভিযানে নামবে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। চুরি, ছিনতাই, ডাকাতি, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের পাকড়াওয়ে ডিএমপি সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, রমজান মাসে নগদ অর্থ লেনদেনের প্রবাহ যেমন বাড়ে, তেমনি এই অর্থ হাতিয়ে নেওয়ার জন্য চুরি, ছিনতাই, ডাকাতি, অজ্ঞান, মলম পার্টি এবং প্রতারক চক্রের অপতৎপরতাও বাড়ে। তাই পুলিশের মানি এসকর্ট টিম মাঠে নামানো হয়েছে। এক্ষেত্রে অর্থ বহনকারীকে সহায়তা চেয়ে পুলিশকে অবহিত করতে হবে। এর বাইরে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ঘিরে বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
সম্প্রতি ডিএমপি সদর দপ্তরে একাধিক বৈঠকে রমজান মাসে অপরাধ নিয়ন্ত্রণসহ ভেজাল খাদ্যদ্রব্যের কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পোশাকশ্রমিকদের অসন্তোষ নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। ঈদকে সামনে রেখে টিকিট নিয়ে নৈরাজ্য প্রতিরোধ ও কালোবাজারি ঠেকাতেও সংশ্লিষ্ট পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে অংশগ্রহণকারী এক জ্যেষ্ঠ কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘টিকিটের কালোবাজারি ঠেকাতে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ভেজাল খাদ্যদ্রব্য বেচা-বিক্রি বন্ধ করার জন্য ব্যবসায়ী সমিতির নেতাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও এসব বন্ধ করার আশ্বাস দিয়েছেন। তারপরও এসব সেক্টরের অনিয়ম ও নৈরাজ্য ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর মধ্যে ভেজাল কারবারিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই আগামীকাল (মঙ্গলবার) থেকে রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান শুরু হচ্ছে। ’
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘রমজান ও ঈদকে সামনে রেখে যেকোনো ধরনের ভেজালের বিরুদ্ধে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রমজান মাসে ইফতার সামগ্রীসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের ভেজাল প্রতিরোধে মঙ্গলবার থেকে পুলিশের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এ ছাড়া ঈদের সামনে রেল, নৌ ও সড়কপথের টিকিট যাতে কালোবাজারিদের হাতে না পড়ে সে বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এদিকে রাজধানীর বিভিন্ন পোশাক কারখানার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করেছেন শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিচালক ও পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদকে সামনে রেখে পোশাক কারখানার শ্রমিকদের সময়মতো বেতন ও ঈদ বোনাস পরিশোধের জন্য কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করেছি। দুর্বল পোশাক কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মালিকদের চিঠি দিয়ে বকেয়া বেতন পরিশোধের তাগিদ দিয়েছি। একই সঙ্গে পর্যায়ক্রমে ওইসব পোশাক কারখানার মালিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছি। এ ছাড়া ঈদের আগে ভিন্ন ভিন্ন তারিখে অন্তত ১০ দিন ছুটি ঘোষণার বিষয় নিয়ে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে শিগগিরই বৈঠক করব।’
শিল্প পুলিশের আরেক কর্মকর্তা বলেন, একই সময়ে সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে একই দিন ঘরমুখী শ্রমিক ও কর্মকর্তারা বিপুলসংখ্যক বাস রিজার্ভ করে রাখেন। এতে ঈদের আগ মুহূর্তে পরিবহন সংকট দেখা দেয়। এ ছাড়া শ্রমিকদের বহনের জন্য ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় বাস ব্যবহারের কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে। এসব দিক বিবেচনা করে পোশাক কারখানার মালিকদের ঈদের আগে ভিন্ন ভিন্ন সময়ে ছুটি দিয়ে ফিটনেসযুক্ত বাস সরবরাহের নির্দেশনা দেওয়া হচ্ছে।
ট্রাফিক পুলিশের ১৪ দফা নির্দেশনা : নগরীর যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে ১৪ দফা নির্দেশনা পালনের তাগিদ দেওয়া হয়েছে। গাড়িচালকদের ট্রাফিক সিগন্যাল মেনে উল্টোপথে গাড়ি না চালানো, অযথা গাড়ির হর্ন বাজানো, রাস্তা, মার্কেট, শপিং মলের সামনে গাড়ি পার্কিং, লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত স্টপেজ ছাড়া রাস্তা থেকে যাত্রী ওঠানামা করতে নিষেধ করা হয়েছে। বেশি যাত্রীর আশায় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। এ ছাড়া রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ভিআইপি ও অতি ব্যস্ত সড়কে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ির মতো স্বল্পগতির বাহন চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। রাস্তা ও ফুটপাতে দোকানপাট বসাতেও নিরুৎসাহিত করা হয়েছে।