পাহাড়ে জনদুর্ভোগ সৃষ্টি করে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতারা। তারা বলেছেন, অস্ত্রবাজি, সন্ত্রাসী কর্মকা- গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয়। গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ইউপিডিএফ-গণতান্ত্রিকের সভাপতি শ্যামল কান্তি চাকমা ওরফে জলেয়া এবং সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা। এ সময় খাগড়াছড়ির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইউপিডিএফ-গণতান্ত্রিকের প্রধান শ্যামল চাকমা ইউপিডিএফ-প্রসীত গ্রুপ রাজনীতিতে সাধারণ মানুষকে ঢাল বানিয়ে রাজনীতি করছে বলে উল্লেখ করেন।