পরীক্ষা পাসের মিষ্টি কিনতে গিয়ে সড়কে লাশ স্কুলছাত্র

কক্সবাজারে বোনের এসএসসি পরীক্ষার ফলাফলের মিষ্টি নিয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে বাসের ধাক্কায় মোহাম্মদ ইমরান (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরান ঈদগাঁও কালীরছড়া এলাকার আবু তাহেরের ছেলে। দুর্ঘটনায় তার তিন বন্ধু আহত হয়েছে। এ ঘটনায় তাদের সহপাঠীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

কক্সবাজারের ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজিদ চন্দ্র নাথ জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মিষ্টি নিয়ে মোটরসাইকেলযোগে ফিরছিলেন ইমরান ও তার সহপাঠী শামীম (১৮), রাহুল (১৮) এবং জয়নাল (১৮)। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানে চিকিৎসাধীন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর তাদের সহপাঠীরা বাসে আগুন দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গতকাল ও তার আগের দিন পৃথক দুর্ঘটনায় সারা দেশে আরও ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সকালে নীলফামারীর ডোমারে দাদির সঙ্গে রাস্তা পারাপারের সময় অটোবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়।

এদিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের আকিজ ট্যোবাকো গেটের সামনে পিকআপ চাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। সকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি নামক স্থানে বাস উল্টে খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও নয়জন। আগের দিন রাতে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় এন মল্লিক পরিবহনের একটি বাস ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নিহত হন। তিনি জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকার বাসিন্দা। এদিন রাতে গাজীপুরের শ্রীপুরে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি পশুপাখির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভেতর ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরÑ

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, সোমবার রাতে রোহিতপুরে এন মল্লিক পরিবহনের একটি বাস ধাক্কায় রফিকুল ইসলাম (৫৭) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের ভাই ওয়াহেদুল ইসলাম জানান, রফিকুল মানসিক প্রতিবন্ধী। গত ৫ মে বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরদিন কেরানীগঞ্জ মডেল থানায় জিডি করেন। ওই দিনই রাত ১১টার দিকে পুলিশ ফোনে জানায় রোহিতপুর ইউনিয়নের ছাড়াভিটা এলাকায় বাসের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছে। পরে রাত সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখি।

এদিকে শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, সোমবার রাতে শ্রমিকরা উৎপাদিত পণ্য কারখানার ভেতর ট্রাক হতে লোড-আনলোডের কাজ করছিল। কাজ শেষে একটি ট্রাকের পেছনে বিশ্রাম নিচ্ছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আব্দুল হাইয়ের ছেলে মজিবুর রহমান (৩২) ও টাঙ্গাইলের সখীপুর উপজেলার নোয়ার হোসেন (৩২)। পরে অসাবধানতাবশত চালকের সহকারী রাসেল ট্রাকটি পেছনের দিকে নেওয়ার চেষ্টা করলে তারা চাপা পড়েন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত এক শ্রমিকের ভাই চালক ও তার সহকারীকে আসামি করে মামলা করেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশের ওসি লুৎফর রহমান জানান, গতকাল সকালে কাজে যাওয়ার জন্য মহাসড়কের আকিজ ট্যোবাকের গেটের সামনে দাঁড়িয়েছিলেন সোহেল (১৮) নামে এক নির্মাণ শ্রমিক। এ সময় ঢাকামুখী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সোহেল সদর উপজেলার মেঘশিমুল গ্রামের আমেজ উদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল সকাল ৭টার দিকে উপজেলার বাজারদীঘি নামক স্থানে নওগাঁগামী আর বি ট্রাভেলসের একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের হেলপার বাবু (৩০) নিহত হন। দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারীর ঘটনায় চিলাহাটি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই নুরল ইসলাম জানান, গতকাল সকালে ডোমার উপজেলার চিলাহাটিতে বাড়ির সামনে দাদির সঙ্গে রাস্তা পারাপারের সময় অটোবাইকের ধাক্কায় মুরাদ হোসেন (৩) নিহত হয়। সে ডোমারে ভোগডাবুড়ি ইউনিয়নের নিজ ভোগডাবুড়ি গ্রামের নাজমুল হোসেনের ছেলে।