ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম পাষাণ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবক নুরুল ইসলামকেও আটক করেছে ধামরাই থানা পুলিশ।
এঘটনায় ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বুধবার ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছে হয়েছে।
ধর্ষক নুরুল ইসলাম পাষাণ মানিকগঞ্জের দৌলতপুর থানার বাঁচামরা গ্রামের বাতেন মণ্ডলের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী ধামরাই উপজেলার যাত্রীবাড়ি মহল্লার নানা বাড়ি থেকে ফেরার পথে দুর্বৃত্তরা কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ধর্ষক নুরুল ইসলাম পাষাণকেও আটক করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।