ময়মনসিংহের গফরগাঁওয়ে অটো রিকশা চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে উপজেলার পাগলা থানার নুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলমগীর উপজেলার উস্তি ইউনিয়নের বুশাবাড়ী গ্রামের প্রয়াত হানিস মিয়ার ছেলে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি অটো রিকশা চুরির টাকা ভাগাভাগি নিয়ে একই এলাকার মকবুলের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। মকবুল ও সাদ্দামের নেতৃত্বে তাকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয়।
পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আলমগীর স্থানীয় এলাকায় ‘ডাকাত আলমগীর’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতির কোন মামলা না থাকলেও গত সপ্তাহে একটি চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে কারাগারে পাঠিয়েছিলাম।
তিনি জানান, এই ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলার পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলবে।